চাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ফরিদা ইলিয়াছকে সোমবার সকাল ৮টার দিকে চাঁদপুর শহরের নিজ এলাকা থেকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবিরসহ চাঁদপুর মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গত ৮ জুন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফরিদা ইলিয়াছ আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর ফরিদা ইলিয়াছকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন




















