চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ জানায়, গত ৯ জুলাই দুপুর ২টা ১৫ মিনিটে অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের ভুইয়ারা এলাকায় রশিদের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. লিটন (৩৫) ও সুফিয়ান (২৬) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
একই দিন রাত ১০টায় এসআই (নিরস্ত্র) সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১ নম্বর সাচার ইউনিয়নের হাতিরবন্দ ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. ইমন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেন। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।
এরপর রাত ১১টায় একই ইউনিয়নের পোদ্দার বাড়ির গেট সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মো. রাজিব (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, আটক চার আসামিকে ১০ জুলাই বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।




















