বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। অতীত ইতিহাস, মুখোমুখি পরিসংখ্যান এবং সাম্প্রতিক পারফরম্যান্সে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এবারের আসরে দারুণ ধারাবাহিকতা দেখানো সুইজারল্যান্ডও সহজে হার মানার দল নয়।
গত ৬০ বছরে সুইজারল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচে হারেনি আর্জেন্টিনা। দুই দলের সর্বশেষ সাত দেখায় আলবিসেলেস্তেরা জিতেছে পাঁচটিতে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপেও সুইজারল্যান্ডের বিপক্ষে আগের দুটি ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। ১৯৬৬ সালের গ্রুপ পর্বে তারা জিতেছিল ২-০ গোলে, আর ২০১৪ সালের শেষ ষোলোতে অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে জয় তুলে নেয়।
বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। এই সময়ে তারা জিতেছে ৯টি এবং ড্র করেছে ২টি ম্যাচ। একই সঙ্গে টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে অন্তত দুটি করে গোল করে বিশ্বকাপ ইতিহাসের যৌথ সর্বোচ্চ রেকর্ডেও নাম লিখিয়েছে দলটি।
তবে আক্রমণে দুর্দান্ত হলেও রক্ষণে কিছুটা উদ্বেগ রয়েছে আর্জেন্টিনার। এবারের আসরে তাদের বিপক্ষে অন-টার্গেট শট এসেছে মাত্র ৯টি, কিন্তু সেখান থেকেই ৫টি গোল হজম করেছে লিওনেল স্কালোনির দল।
ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তিনি প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা ছয়টি নকআউট ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন। পাশাপাশি বিশ্বকাপে টানা নয়টি ম্যাচে গোল করে নতুন ইতিহাসও সৃষ্টি করেছেন এই মহাতারকা।
অন্যদিকে, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছে সুইজারল্যান্ড। সর্বশেষ ১৯৫৪ সালে তারা শেষ আটে জায়গা করে নিয়েছিল। দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে তাদের রেকর্ডও খুব একটা আশাব্যঞ্জক নয়। ১০ ম্যাচে জয় মাত্র একটি, ড্র তিনটি এবং হার ছয়টি।
তবে এবারের বিশ্বকাপে একটি অনন্য কীর্তি গড়েছে সুইসরা। বাছাইপর্ব ও মূল পর্ব মিলিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচেই তারা প্রতিপক্ষের কাছে গোলের ব্যবধানে পিছিয়ে পড়েনি। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তারা।
সব মিলিয়ে ইতিহাস ও পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষেই থাকলেও, নকআউট ফুটবলে এক মুহূর্তেই বদলে যেতে পারে ম্যাচের চিত্র। তাই কানসাস সিটির কোয়ার্টার ফাইনালটি হতে পারে এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই।
পরিসংখ্যানে এগিয়ে আর্জেন্টিনা, কঠিন পরীক্ষায় সুইজারল্যান্ড
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৯:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- 63
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















