দৈনিক চাঁদপুর সংবাদের সাবেক বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আরিফুল ইসলাম (হাসান) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহল সবার কাছে দোয়া চেয়েছেন।
জানা গেছে, গত ১ জুলাই ভোরে সৌদি আরবে একটি সড়ক দুর্ঘটনায় আহত হলে সহকর্মীরা তাঁকে দ্রুত কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ অবস্থায় নিজের ফেসবুক পোস্টে আরিফুল ইসলাম (হাসান) মহান আল্লাহর কাছে ক্ষমা ও সুস্থতা কামনা করে লিখেছেন, জীবনের সব পরীক্ষায় ধৈর্য ধারণের শক্তি এবং তাঁর মায়ের সুস্থতা ও শান্তির জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। তাঁর এই আবেগঘন বার্তা সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সাংবাদিক আরিফুল ইসলাম (হাসান) দীর্ঘদিন ধরে দৈনিক চাঁদপুর সংবাদসহ দৈনিক আমাদের অঙ্গীকার, দৈনিক চাঁদপুর জমিন, দৈনিক চাঁদপুর খবরসহ বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতায় নতুন প্রজন্মের অনেক সংবাদকর্মীর হাতে-খড়ি তাঁর হাত ধরেই হয়েছে।
সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আমার সাংবাদিকতা জীবনের শুরু হয়েছিল আরিফুল ইসলাম (হাসান) ভাইয়ের হাত ধরে। তিনি শুধু আমার নন, অসংখ্য সাংবাদিকের পথপ্রদর্শক। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমানসহ যাঁদের কাছ থেকে তিনি সাংবাদিকতার শিক্ষা ও সহযোগিতা পেয়েছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ।
সাংবাদিক আরিফুল ইসলাম (হাসান)-এর আশু সুস্থতা কামনায় তাঁর পরিবার ও সহকর্মীরা দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।




















