চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের কেএফটি কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত পঞ্চম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত ৫৭ জন শিক্ষার্থীর জন্য সংবর্ধনার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই ) দুপুরে কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম।
কলেজের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামালের সভাপতিত্বে ও শিক্ষার্থী আতিফ ইরহাম ও রোজা আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মতলবগঞ্জ জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মো: জাবেদ হোসেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম, অভিভাবক প্রতিনিধি আবদুল হান্নান অপু প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩৮ জন ও সাধারণ গ্রেডে ১৯ জনসহ মোট ৫৭ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে কেএফটি কলেজিয়েট স্কুলে পড়ছে। এসব কৃতি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠানের।
সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এর আগে অতিথিগণ কলেজে ভবনের চতুর্থ তলায় মরহুম স্বর্ণপ্রদকপ্রাপ্ত শিক্ষাবিদ ওয়ালিউল্লাহ পাটোয়ারীর নামকরণে লাইব্রেরির ফলক উম্মোচন করেন।




















