চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকায় ইয়াবাসহ শান্ত কারী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় চাঁদপুর সদর মডেল থানার এএসআই রাসেল তাকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, শাহমাহমুদপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় শান্ত কারীর নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সন্ধ্যার পর কয়েকটি মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করা হতো বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়দের অভিযোগে রাশেদ মিজি, সিয়াম, সায়েম, রাব্বি মিজি, মো. রানা গাজী ও সাগর গাজীর নামও উঠে এসেছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, এলাকাবাসী শাহতলীতে শান্ত কারী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।




















