চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর রাত ৪টা ৫ মিনিটের দিকে কচুয়া উপজেলার ৪ নম্বর পালাখাল ইউনিয়নের পালাখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নান্নু মিয়ার বসতঘরের সামনে থেকে মুরছালিন মজুমদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পালাখাল মজুমদার বাড়ির মো. নান্নু মিয়ার ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মুরছালিন মজুমদারের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৩৪, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে কচুয়া থানার ফতেহপুর এলাকায় আরিফের মাছের প্রজেক্টের পূর্ব-দক্ষিণ পাশে তুলপাই-গোলবাহার পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. শামিম হোসেন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। তিনি দারাশাহী তুলপাই মুন্সী বাড়ির আঃ মালেকের ছেলে।
পুলিশ জানায়, শামিম হোসেনের দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ইয়াবার ওজন ০.১ গ্রাম, মোট ওজন ০.৫ গ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় শামিম হোসেনের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৩৫, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই সোহেল খান ও এসআই রুহুল আমিনসহ পুলিশের পৃথক দল অভিযান দুটি পরিচালনা করে।
আটক দুই আসামিকে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিধি মোতাবেক পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কচুয়া থানা পুলিশ।




















