চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে নিখোঁজ হওয়ার দেড় মাসের বেশি সময় পর সাফায়েত ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে মতলব উত্তরের ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টা ১০ মিনিটের দিকে মতলব দক্ষিণ উপজেলার ধনার পাড়া এলাকা থেকে নিখোঁজ হয় সাফায়েত। এ ঘটনায় তার বাবা সাবের ইসলাম ৮ সেপ্টেম্বর মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মতলব সার্কেলের সহকারী পুলিশ জাবির হুসনাইন সানীব পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারে অনুসন্ধান চালায়। এরই ধারাবাহিকতায় বুধবার ষাটনল লঞ্চঘাট থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি পুলিশকে জানায়, পরিবারের সঙ্গে রাগ করে সে বাড়ি থেকে ঢাকায় চলে যায়। পরে ঢাকায় এক ব্যক্তির মাধ্যমে কাজের প্রলোভনে লঞ্চযোগে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন কাজ করার পর পালিয়ে ট্রেনে ঢাকার কমলাপুরে আসে সে। পরে নারায়ণগঞ্জ হয়ে মতলব উত্তরগামী লঞ্চে ওঠে। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে।
সাফায়েতের বাবা মো. সোহেল ও মা সাথী আক্তার বলেন, সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে আমরা খুবই দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটিয়েছি। বহু জায়গায় খোঁজাখুঁজি করেছি। ছেলেকে ফিরে পেয়ে আমরা অনেক খুশি। আমাদের সন্তানকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য মতলব উত্তর থানা পুলিশ, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার, চাঁদপুরের পুলিশ সুপার সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ আন্তরিকভাবে কাজ করেছে। ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। প্রক্রিয়া শেষে বাবা-মার কাছে ছেলেটিকে বুঝিয়ে দেওয়া হয়।
মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএম বলেন, “শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাকে উদ্ধারে পুলিশ নিরলসভাবে কাজ করেছে। বিভিন্ন তথ্য পর্যালোচনা ও অনুসন্ধানের ধারাবাহিকতায় মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকতে হবে। কোনো শিশু নিখোঁজ হলে দেরি না করে দ্রুত নিকটস্থ থানায় জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



















