চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিশু নিখোঁজ প্রতিরোধ ও শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাস্তবতা মতলব’-এর উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিশুদের নিরাপত্তা, অপরিচিত ব্যক্তির সঙ্গে চলাফেরায় সতর্কতা, ব্যক্তিগত সুরক্ষা, বিপদে করণীয় এবং শিশু নিখোঁজ হওয়ার ঝুঁকি প্রতিরোধে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। পারিবারিক সচেতনতা, শিশুদের প্রতি বিশেষ নজরদারি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
এ সময় ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান, সংগঠনের উপদেষ্টা সুমন বেপারী, সংগঠনের সভাপতি মোহাম্মদ মোফাজ্জল, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সহ সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও নিখোঁজ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।














