চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনে ঘটনাস্থলেই দুই বছর বয়সী ভাই আনাছ হোসেনের মৃত্যু হয়। আর গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার দুই দিন পর মঙ্গলবার রাতে মারা যায় তার বোন মরিয়ম আক্তার।
গত রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মো. মিজানুর রহমানের দুই ছেলে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘরে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল শিশু আনাছ ও মরিয়ম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঝগড়া-বিবাদের খবর শুনে জেসমিন বেগম ঘরের দরজা বন্ধ করে রাস্তার দিকে যান। এর কিছুক্ষণ পরই বসতঘরে আগুন লাগে এবং তা পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা ছুটে এলেও তীব্র আগুনের কারণে কেউ ঘরের ভেতরে প্রবেশ করতে পারেননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে আনাছ হোসেনের মৃত্যু হয়। অপর শিশু মরিয়ম আক্তারকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
প্রথমে মরিয়মকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করে শিশুটি।
এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দুটি বসতঘরসহ ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, তৈজসপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া পরিবারগুলোর আর কোনো সম্বল অবশিষ্ট নেই।
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যু এবং অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















