মোহাম্মদ হাবীব উল্যাহ _____
শিক্ষার মানোন্নয়নে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয়ের হলরুমে ধারাবাহিক অভিভাবক সমাবেশের অংশ হিসাবে নবম ও এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু বলেন, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়। এখানে অভিভাবকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, প্রতিটি সন্তানের ওপর মা-বাবার প্রভাব অপরিসীম। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের প্রচেষ্টায় একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই আপনার সন্তান বিদ্যালয়ে কি পড়ছে, শিক্ষকরা কি পড়াচ্ছেন, বাড়ির কাজ আদায় হচ্ছে কিনা এবং কোথাও কোনো ঘাটতি বা দূর্বলতা আছে কিনা, একজন অভিভাবক হিসাবে আপনাকে তা তদারকি করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মো. জাকির হোসেন সোহেল, অভিভাবক সদস্য মোহাম্মদ ওমর ফারুক, বিল্লাল হোসেন, মোস্তাফিজুর রহমান, মহিবুল ইসলাম ও রাবেয়া আক্তার।
সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আকবার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক ও উপস্থিত অভিভাবকেরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে প্রতিদিন একটি নির্দিষ্ট শ্রেণির অভিভাবক সমাবেশের আয়োজন করে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।




















