মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে মাগরিবের নামাজের অযু করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে মো. নুরুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোরে নিজ বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় ওযু করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন বৃদ্ধ মো. নুরুল হক। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের আবুল মাস্টার বাড়িতে বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করার উদ্দেশ্যে ওযু করার জন্য ঘর থেকে বের হন বৃদ্ধ মো. নুরুল হক। এরপর থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়ার পরে তাকে না পাওয়ায় মাইকিং করা হয়। পরে বুধবার ভোরে পরিবারের লোকজন ফজর নামাজ আদায় করার উদ্দেশ্যে ওযু করতে নিজ বাড়ির পুকুরে গেলে বৃদ্ধ মো. নুরুল হককে পানিতে ভাসতে দেখেন।
স্থানীয় মাসুদ আলম জানান, এলাকাবাসীর ধারণা তিনি হয়তো নামাজের ওযু করতে গিয়ে কোনভাবে পুকুরের পানিতে ডুবে বা তলিয়ে যান। একই কথা জানান, নিহতের পরিবার লোকজন ও নিকট আত্মীয়-স্বজন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছে, বৃদ্ধ নুরুল হক পানিতে ডুবে মারা গেছেন। তিনি বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




















