চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে চুরি হওয়া সরকারি পিস্তল ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সুমন (৩৫) ও অস্ত্রের ক্রেতা রুবেল খান (৩৬)-কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানায় কর্মরত এক এসআই গত ৪ মে দায়িত্ব পালন শেষে রাতে থানার পাশে ভাড়া বাসায় ফেরেন। নিজের নামীয় সরকারি পিস্তল ও গুলি ইউনিফর্মের বেল্টে লাগানো অবস্থায় একটি ট্রলি ব্যাগে রেখে তিনি রাত্রিযাপন করেন।
পরদিন ৫ মে সকালে তিনি থানায় যান। বিকেলে বাসায় ফিরে দেখতে পান ঘরের তালা ভাঙা, সব জিনিসপত্র এলোমেলো এবং ট্রলি ব্যাগ থেকে সরকারি অস্ত্র ও গুলি চুরি হয়ে গেছে।
ঘটনার পর ফরিদগঞ্জ থানা, চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়।
এর ধারাবাহিকতায় শাহআলী থানা পুলিশের সহযোগিতায় ঢাকার শাহআলী এলাকা থেকে মূল অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে বরগুনার বেতাগী এলাকা থেকে রুবেল খান নামে অস্ত্রের ক্রেতাকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সরকারি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
চাঁদপুর জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর সমন্বয়ের ফল।”
আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং পুরো ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।




















