চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (১৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার উত্তর কাচিয়ারা এলাকা থেকে আব্দুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে ১২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা যায়, চাঁদপুর জেলায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনাবাহিনী পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। এই অভিযানের অংশ হিসেবেই আজকের এই অভিযান পরিচালিত হয়।
চলমান এই অভিযানে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সূত্র: ৩৩ পদাতিক ডিভিশন, বাংলাদেশ সেনাবাহিনী




















