চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মোড়ে পৌরসভার ড্রেন থেকে উৎপন্ন গ্যাসের বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে পৌর কমিউনিটি হলের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন তন্নী আক্তার (৩৫), তাঁর ছেলে রোহান (৮) এবং আরেক শিশু মো. রাহিম (৮)। আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা ইমরুল আহমেদের স্ত্রী। তাঁদের ছেলে রোহান এবং প্রতিবেশী শিশু রাহিম বেগম মসজিদ দারুল ইমাম মাদরাসার ইকরা বিভাগের শিক্ষার্থী। রাহিম একই এলাকার মো. হান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসা ছুটির পর তন্নী আক্তার তাঁর ছেলে ও রাহিমকে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাস্তার পাশে থাকা একটি ড্রেন থেকে হঠাৎ গ্যাসের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে উঠে আশপাশের এলাকা। বিস্ফোরণের কারণে তিনজনই ছিটকে পড়ে আহত হন।
স্থানীয়রা দ্রুত এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণে আশপাশের দোকান ও বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে বলেও জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় বর্জ্য পচে গিয়ে বায়োগ্যাস তৈরি হচ্ছে, যা এই বিস্ফোরণের কারণ হতে পারে। তাঁরা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও নিয়মিত পরিষ্কার করার দাবি জানান।
চাঁদপুর পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
চাঁদপুরে ড্রেনে উৎপন্ন গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- 23
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















