চাঁদপুর জেলার সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ ট্রাফিক চেকপোস্ট অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একাধিক যানবাহন জব্দ ও ১ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১৪ জুন ২০২৫ তারিখে সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়। অভিযানগুলোতে সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে চেকপোস্ট বসিয়ে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক, হেলমেট ছাড়া বাইক চালানো এবং অতিরিক্ত গতিতে চালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
চাঁদপুর সদর উপজেলায় বটতলী রাস্তায় সকাল ১০টা ৩০ থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ৭০টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার কারণে ৩টি মোটরসাইকেল চালকের কাছ থেকে ২০,০০০ টাকা জরিমানা আদায় এবং ১টি মোটরসাইকেল ও ১টি বাস জব্দ করা হয়।
হাজীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ৯টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে ১২০টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ১১টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১,১০,০০০ টাকা জরিমানা আদায় এবং ১টি মোটরসাইকেল ও ১টি ট্রাক জব্দ করা হয়।
ফরিদগঞ্জ উপজেলায় বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১১টা ৩০ থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৮০টি যানবাহন তল্লাশি করা হয়। ৬টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৩৩,০০০ টাকা জরিমানা আদায় এবং ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।
যানবাহনের সুষ্ঠু চলাচল, ট্রাফিক আইন প্রতিপালন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশ এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে।




















