নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ করে মার্কেটের একটি অংশে আগুন দেখা দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
অগ্নিকাণ্ডে মার্কেটের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
ঘটনার সময় বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা যার যার দোকান থেকে মালামাল সরিয়ে নিতে মরিয়া হয়ে পড়েন। কেউ কেউ জীবন ঝুঁকি নিয়ে দোকানে প্রবেশ করেন মাল রক্ষায়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।




















