কুমিল্লার সদর দক্ষিণে বেপরোয়া গতিতে চলা যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপভ্যানের হেলপার নিহত হওয়ার ঘটনায় পলাতক ঘাতক বাসচালককে গ্রেফতার করেছে র্যাব-১১।
২০ মে ২০২৫, দুপুর ১২টা ৩০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন বিজয়পুর শ্রীনিবাস এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পদুয়ার বাজার থেকে শিকারপুর খাদ্য গোডাউনে মালামাল নিতে যাওয়া পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন-১২-৫৮৩৩) ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী পদ্মা এক্সক্লুসিভ বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮০২৮) পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপচালক মো. জুয়েল (২৫) এবং হেলপার রিয়াজ (১৮) গুরুতর আহত হন।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রিয়াজের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে দাউদকান্দি এলাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহত রিয়াজ নেত্রকোনা জেলার মহনগঞ্জ থানার কমলপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় পিকআপ মালিক জেসমিন (২৮) বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে চালক পলাতক ছিল। পরবর্তীতে র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ জুন ২০২৫, রাত ৩টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি বাসচালক মানিক রতন মানিক (৫৪)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য কুমিল্লা জেলার লাকসাম ক্রসিং হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, তারা দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে হত্যা, ধর্ষণ, মাদক, অস্ত্র, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে, যার অংশ হিসেবেই এই গ্রেফতার।




















