চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর গ্রামে ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আমেনা বেগম ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকারের নেতৃত্বে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার বলেন, ড. মোহাম্মদ জালাল উদ্দিন একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে মতলবের মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে আপসহীন থাকবেন। আজ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিকল্প নেই।
তিনি আরও বলেন, বিগত দিনে মানুষের উপর যে নির্যাতন, অবিচার ও দুঃশাসন নেমে এসেছে, তার অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন জনগণ কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটাই আমাদের প্রত্যাশা।
গণসংযোগে উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর ও সাধারণ সম্পাদক মোঃ শাহদাত হোসেন, বিএনপি নেতা নুরুল হুদা বাপ্পী, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী, বিএনপি নেতা মোঃ. ইব্রাহীম, যুবদল নেতা জিয়াউর রহমান, বাবু, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল হক তুষার, ছাত্রদল নেতা হাসান’সহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ ও ধানের শীষের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।
প্রচারণায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


























