চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা-এর ১নং রাজারগাঁও উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন,ভবিষ্যতের সকল পরীক্ষা শতভাগ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন,“শিক্ষার্থীদের জীবনে সফলতার একমাত্র পথ হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করা। বিকল্প কোনো চিন্তা করলে তা পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।”
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান, শিক্ষকদের উপস্থিতি ও নিয়মিত ক্লাস কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে আরও আন্তরিকতার সঙ্গে পাঠদান করার আহ্বান জানান। একইসাথে তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও দায়িত্ববোধের ওপর।
পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ পরানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ আকবর হোসেন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন,সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান এবং রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়।
পরে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর পূর্বে তিনি রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিস,ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
আরকে/ সাইফ




















