আধুনিক কৃষি যন্ত্রপাতি খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেটাল ফার্মটেক-এর আয়োজনে কুমিল্লার লালমাই সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বৈশাখী উৎসব ও কৃষক মহাসম্মেলন। ১৮ মার্চ দিনব্যাপী এ আয়োজনে চাঁদপুর ও কুমিল্লা জেলার শত শত ট্রাক্টর ব্যবসায়ী, মালিক, চালক এবং প্রান্তিক কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা এক মিলনমেলায় রূপ নেয়। দিনভর এই উৎসবকে ঘিরে কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যা গ্রামীণ ঐতিহ্য ও আধুনিক কৃষি প্রযুক্তির এক অনন্য সংমিশ্রণ হিসেবে বিবেচিত হয়েছে।
সকাল থেকেই চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি, হাজীগঞ্জ এবং কুমিল্লার লাকসাম, বরুড়া ও লালমাইসহ বিভিন্ন উপজেলা থেকে ট্রাক্টর ব্যবসায়ী ও কৃষকেরা অনুষ্ঠানে যোগ দেন। তাদের পদচারণায় কলেজ মাঠ ও আশপাশের এলাকা উৎসবের রূপ নেয়।
অংশগ্রহণকারীরা মেটাল ফার্মটেক-এর আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী ঘুরে দেখেন এবং কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, খরচ সাশ্রয়ী চাষাবাদ এবং ট্রাক্টর রক্ষণাবেক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল একটি প্রীতি ফুটবল ম্যাচ। চাঁদপুর ও কুমিল্লার ট্রাক্টর ব্যবসায়ীরা দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এই ম্যাচ দেখতে মাঠজুড়ে স্থানীয় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
বৈশাখী উৎসবের চিরায়ত ঐতিহ্য হাড়ি ভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠানের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। চোখ বেঁধে হাড়ি ভাঙার দৃশ্য উপস্থিত দর্শকদের মাঝে হাস্যরস ও উচ্ছ্বাসের সৃষ্টি করে। এছাড়া আরও কয়েকটি গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়, যা তরুণ ও কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
দুপুরে অতিথিদের জন্য আয়োজন করা হয় দেশীয় ঐতিহ্যবাহী খাবারের বিশাল আপ্যায়ন। এরপর স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশনায় লোকসংগীতের আসর বসে। মাটির গান, বাউল সুর ও বৈশাখী আবহ পুরো অনুষ্ঠানস্থলকে এক আবেগঘন পরিবেশে রূপ দেয়।
বিকেলে ফুটবল ম্যাচ ও হাড়ি ভাঙা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় মেটাল ফার্মটেক-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে।
সমাপনী বক্তব্যে তারা বলেন,
“চাঁদপুর ও কুমিল্লার কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকরাই দেশের কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের সঙ্গে এই বৈশাখী আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত।”
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সন্ধ্যায় এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারী কৃষক ও ব্যবসায়ীরা মেটাল ফার্মটেক-এর এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।




















