মতলব উত্তর উপজেলায় জাটকা সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান জোরদার করা হয়েছে। একইসঙ্গে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার দশানী ও সটাকী সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১টি বেহুন্দী জাল, ১টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই এবং ২০টি চায়না দুয়ারি চাঁই জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ জাল ও ফাঁদ পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও অভয়াশ্রম পাহারাদাররা উপস্থিত ছিলেন।
অপরদিকে বুধবার (৬ মে) সকালে ছেংগারচর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ৩৩ কেজি পিরানহা মাছ জব্দ করে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, পুলিশ ও সংশ্লিষ্টরা।
মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, জাটকা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, নিষিদ্ধ মাছ বিক্রি ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




















