রাজনৈতিক জীবনে হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার পর পঙ্গুত্ব বরণ করতে হয়েছে—তবুও থেমে যাননি সাবেক ছাত্রনেতা মো. শাহিদুল ইসলাম। শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি। এবার ‘রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য’ স্লোগান সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বর্তমানে হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শাহিদুল ইসলাম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।
শাহিদুল ইসলাম বলেন, “রাজনীতি আমার কাছে পদ-পদবির বিষয় নয়। রাজনীতি হতে হবে সাধারণ মানুষের জন্য। একজন জনপ্রতিনিধির কাছে মানুষ যেন হয়রানি ছাড়া যেতে পারে, নিজের সমস্যার কথা বলতে পারে এবং প্রয়োজনীয় সেবা পায়—আমি সেই ধরনের একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা সহজলভ্য করা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ তৈরি এবং সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন।
নিজের রাজনৈতিক জীবনের প্রতিকূলতার কথা তুলে ধরে শাহিদুল ইসলাম জানান, ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকাকালে তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। ওই ঘটনার পর থেকে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করতে হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে শারীরিক সীমাবদ্ধতা তাকে রাজনীতি কিংবা মানুষের পাশে দাঁড়ানো থেকে দূরে রাখতে পারেনি।
তিনি বলেন, “জীবনে অনেক কঠিন সময় পার করেছি। কিন্তু মানুষের ভালোবাসা আমাকে রাজনীতির মাঠে রেখেছে। আমি বিশ্বাস করি, শারীরিক সীমাবদ্ধতা মানুষের সেবা করার পথে বাধা হতে পারে না। যতদিন সামর্থ্য আছে, মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
শাহিদুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। তিনি এর আগে ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় এলাকার সাধারণ মানুষের সঙ্গে তার যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটিকেই সামনে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে দেখছেন শাহিদুল ইসলাম। তিনি জানান, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন। তাদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা জানার চেষ্টা করছেন।
শাহিদুল ইসলাম বলেন, “আমি শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যেতে চাই না। প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে চাই। কোথায় রাস্তার সমস্যা, কোথায় নাগরিক সেবা পৌঁছাচ্ছে না, কারা সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে বঞ্চিত—এসব বিষয় মানুষের কাছ থেকেই জানতে চাই।”
তিনি আরও বলেন, “জনগণ আমাকে দায়িত্ব দিলে রাজনৈতিক পরিচয় বিবেচনা করে নয়, ইউনিয়নের প্রতিটি মানুষকে সমানভাবে সেবা দেওয়ার চেষ্টা করব। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার অন্যতম লক্ষ্য।”
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের প্রবীণ, তরুণ, কৃষক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন মো. শাহিদুল ইসলাম।



















