দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জে কয়েকটি যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ এলাকায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মুখে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে তফসিল ঘোষণার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের চাঁদপুর-লাকসাম রেলপথ সংলগ্ন স্থানে ছোট পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজিচালিত স্কুটারসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে অবরোধকারীরা। পুলিশ ঘটনাস্থল গেলে তারা পালিয়ে যায়।
অন্যদিকে, তফসিলকে সমর্থন জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ০৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, যাচাই-বাছাই ০১ থেকে ০৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।


























