চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে চারজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ০৯ মে ২০২৫ তারিখ রাত ১টা ২০ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও হাইমচর থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাইমচর উপজেলার উত্তর আলগি এলাকা থেকে মো. রাব্বি (১৮), মো. রাকিব (২০), মো. পারভেজ ইসলাম (১৯) ও মো. রনি (২০) নামের চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা, ০.০২ গ্রাম হেরোইন এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও আলামতসহ তাদের হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর জেলায় গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এই অভিযানের অংশ হিসেবেই চলমান কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




















