চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে রেজাউল করিম (২৫) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ মে ২০২৫) রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার পশ্চিম ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও উত্তর মতলব থানা পুলিশের যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে রেজাউলের কাছ থেকে ৫০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত রেজাউল করিমকে উত্তর মতলব থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়, যাতে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া যায়।
সেনাবাহিনী পরিচালিত এই যৌথ অভিযানটি ৩৩ পদাতিক ডিভিশনের আওতায় পরিচালিত হচ্ছে। গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনীর এ কার্যক্রম চলমান রয়েছে।




















