বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, “যারা ১৯৪৭ সালের বিভাজন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”
সোমবার (১২ মে) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে অনুষ্ঠিত ১৪ নম্বর লক্ষ্মীপুর ও ১৫ নম্বর পয়ালগাছা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যারা মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তোলে, যারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে খাটো করে দেখে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে—তারা দেশের ইতিহাস ও অস্তিত্বের বিরোধিতা করছে।”
তারেক রহমানকে আগামী দিনের নেতা হিসেবে উল্লেখ করে বরকত উল্লাহ বুলু বলেন, “তারেক রহমান শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান নন, তিনি ১৮ কোটি মানুষের ভালোবাসার প্রতীক। যত ষড়যন্ত্রই হোক না কেন, তারেক রহমান দেশের মাটিতে ফিরবেন এবং নেতৃত্ব দেবেন।”
সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




















