চাঁদপুরের মতলব দক্ষিণের শান্তিরহাট বাজারে ‘মিষ্টি’ মুখে ওঠার আগেই তিতা হয়ে গেলো ভোক্তাদের জন্য। এক নজরে পরিচ্ছন্ন মনে হলেও, ভিতরে লুকিয়ে ছিলো নোংরা ও অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুতের চিত্র।
১২ মে, সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান সরেজমিনে হাজির হন বাজারে। তদন্তে বেরিয়ে আসে—‘মির্জা ব্রেড অ্যান্ড সুইটস’ নামক একটি প্রতিষ্ঠানে মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীন খাবার তৈরি হচ্ছে। চারপাশে অস্বাস্থ্যকর পরিবেশ, নেই ন্যূনতম মান নিয়ন্ত্রণের ছোঁয়াও।
পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারও করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, যিনি বলেন, “এই ধরনের অনিয়ম শুধু আইনভঙ্গ নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের ওপর আঘাত।”




















