মাত্র ছয় বছর বয়স—খেলাধুলা, হাসি-আনন্দে ভরা একটি প্রাণ। কিন্তু একটিমাত্র লিচুর বিচি কেড়ে নিল সেই প্রাণ।
বৃহস্পতিবার রাতে পরিবারের সবাই মিলে লিচু খাচ্ছিল ছোট্ট মায়েশা। হঠাৎই তার গলায় আটকে যায় একটি লিচুর বিচি। পরিবারের সদস্যরা নানা চেষ্টা করেও বিচিটি বের করতে ব্যর্থ হন।
তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মায়েশার মৃত্যু হয়। চিকিৎসক ডা. মো. মাসুদ জাহান জানান, শ্বাসনালিতে বিচি আটকে যাওয়ায় শিশুটি শ্বাস নিতে না পেরে মারা গেছে।
মায়েশা স্থানীয় এক নির্মাণ শ্রমিকের মেয়ে। শুক্রবার সকালেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। কিন্তু একটি ছোট ভুল, একটি অসতর্ক মুহূর্ত—একটি শিশুকে চিরতরে কেড়ে নিল।




















