বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ^বিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শনিবার (১৭ মে) বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার ও পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমূখ। বক্তব্যে তারা সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে ক্যাম্পাসের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে হত্যাকাণ্ডের শিকার হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।




















