চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর পরকীয়ায় হতাশ হয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন সাথী আক্তার (৩০) নামের এক গৃহবধূ। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের ছৈয়াল বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাথী দুই সন্তানের জননী ছিলেন।
নিহতা সাথী আক্তার ওই গ্রামের নাছির ছৈয়ালের স্ত্রী। পারিবারিকভাবে প্রায় ১০ বছর আগে তাদের বিয়ে হয়। প্রথমদিকে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও সম্প্রতি স্বামী নাছিরের পরকীয়ায় জড়িয়ে পড়ার কারণে সংসারে অশান্তি ও মান-অভিমান বাড়তে থাকে।
নিহতের বাবা মোখলেছ জানান, “আমার মেয়ে বহুবার চেষ্টা করেছিল স্বামীকে বুঝিয়ে সঠিক পথে ফেরাতে। কিন্তু কোনো লাভ হয়নি। শুক্রবার সন্ধ্যায় মেয়েটি অভিমানে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।”
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা থানায় অবহিত করলে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”




















