চাঁদপুর সদর উপজেলার কোরালিয়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মোবাইল চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ জুন ২০২৫) রাত ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মো. সোহেল রানা (২১) নামের এক যুবককে আটক করা হয়। তিনি মোবাইল চোর সিন্ডিকেটের তালিকাভুক্ত সদস্য বলে জানা গেছে। তার দখল থেকে একটি মোবাইল ফোন এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, চাঁদপুর জেলায় চলমান সন্ত্রাস, মাদক এবং চোরাকারবারবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




















