চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করছেন কুয়েত প্রবাসী মো. কাউসার হামিদ। এ ঘটনায় সওজ বিভাগ থেকে তিন কার্যদিবসের সময়সীমা দিয়ে নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও স্থাপনাটি এখনো অপসারণ করা হয়নি। বরং অভিযুক্ত দাবি করেছেন, তিনি কোনো নোটিশই পাননি।
জানা যায়, হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর (জেড-১৪২২) আঞ্চলিক সড়কের ৭তম কিলোমিটার এলাকায় সেন্দ্রা প্রাইমারি স্কুলের বিপরীত পাশে (চেইনেজ ৬+২৫০ মিটার) সওজের জমিতে অনুমতি ছাড়া বালি-মাটি ভরাট করে দোকান নির্মাণ করেন সেন্দ্রা গ্রামের মৃত শামছল হকের ছেলে ও কুয়েত প্রবাসী মো. কাউসার হামিদ।
গত ১৮ জুন উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে তিন কার্যদিবসের মধ্যে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ ছিল, নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানো হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে মো. কাউসার হামিদ বলেন, “আমি কোনো ধরনের সরকারি নোটিশ পাইনি। আমাকে জানানো হলে আমি অবশ্যই ব্যবস্থা নিতাম। মিডিয়ার মাধ্যমেই এখন প্রথম শুনছি।”
সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “এভাবে যদি দখলদাররা পার পেয়ে যায়, তাহলে সরকারি জমির কোনো নিরাপত্তা থাকবে না। সওজ শুধু কাগজে-কলমে নোটিশ দিলেই দায়িত্ব শেষ হয় না, বাস্তব পদক্ষেপ দরকার।”
এই বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন,
“সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করায় তাকে নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করায় বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি সময় মত অবৈধ স্থাপনা না সরালে আমরা তার বিরুদ্ধে মামলা করবো। ”




















