আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানী ঢাকায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে “অলিম্পিক ডে ২০২৫”।
আয়োজনের প্রধান আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য র্যালি, যার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি বলেন, “অলিম্পিক আন্দোলনের মূল শিক্ষা হচ্ছে একতা, শৃঙ্খলা এবং স্বাস্থ্যকর জীবন। এ ধরনের আয়োজন দেশের ক্রীড়াচর্চায় ইতিবাচক বার্তা দেয়।”
“Let’s Move” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালির মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সাধারণ মানুষকে শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করা।
সকাল ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে র্যালিটি শিক্ষা ভবন, সচিবালয়, জিরো পয়েন্ট, জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়।
র্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাতীয় ক্রীড়া পরিষদ, সেনাবাহিনীসহ সামরিক-বেসামরিক বিভিন্ন সংস্থা এবং সর্বস্তরের দুই হাজারেরও বেশি ক্রীড়ামোদী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এসময় উপস্থিত সম্মানিত অলিম্পিয়ানদের মাঝে বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এই আয়োজনকে প্রাণবন্ত ও উৎসবমুখর বলে মন্তব্য করেন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















