নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালেক জুট মিলের শ্রমিকরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচির কারণে কাচপুর এলাকায় ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহনকর্মীরা চরম ভোগান্তিতে পড়েন।
জানা গেছে, মালেক জুট মিলের শ্রমিকদের চার সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। এমন অবস্থায় হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মিল বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়ে শ্রমিকরা। ফলে তারা মহাসড়কে নেমে বিক্ষোভে অংশ নেন এবং বিভিন্ন দাবিদাওয়ায় স্লোগান দিতে থাকেন।
অবরোধ চলাকালে এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শ্রমিকদের আন্দোলনে আশপাশের শিল্পাঞ্চল ও ঢাকা অভিমুখী গুরুত্বপূর্ণ রুটে যানজট দীর্ঘ হতে থাকে।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালেক জুট মিল কর্তৃপক্ষ ও কাচপুর হাইওয়ে থানার পুলিশ। পরে আলোচনার মাধ্যমে শ্রমিকদের শান্ত করা হয় এবং তারা ধীরে ধীরে মহাসড়ক থেকে সরে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতেই শ্রমিকরা আন্দোলন থেকে সরে আসে। তবে দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে পুনরায় কর্মসূচির হুঁশিয়ারি রয়েছে।




















