হাজীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন ধান, মরিচ (হাইব্রিড), গ্রীস্মকালীন শাকসবজি (উফশী) বীজ ও সার এবং নারিকেল ও তাল গাছের চারা, শিক্ষার্থীদের মাঝে আম’সহ অন্যান্য ফলের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ হাজার কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে চারাগাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম জানান, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৫০ জন কৃষককে আমন ধানের বীজ ও সার, ২৯০ জন কৃষক ও ৭০টি প্রতিষ্ঠানে ৫টি করে নারকেল গাছের চারা, ৪০ জন কৃষককে ৪০টি তালের চারা ও বেড়া দেওয়ার জন্য নেট (প্লাস্টিক জাল) বিতরণ করা হয়েছে।
এছাড়াও ১ হাজার ১’শ শিক্ষার্থীকে নিম, বেল, জাম ও কাঁঠালসসহ ৪টি করে গাছের চারা, ৬০ জন কৃষককে বীজ ও সার এবং ৮০ জনকে হাইব্রিড মরিচ বীজ, সাল ও বালাইনাশক বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেনের পরিচালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে এ কৃষি উপকরণ বিতরণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেন পাটওয়ারী, আবুল বাসার সরকার, আব্দুস সালাম, আহসানুজ্জামান, ইমন হোসেন, রুহুল আমিন, হাফিজা হায়দার মীম, নাসরিন, শাহদাত হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুজ্জামান’সহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















