চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পৃথক অভিযানে চারজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
১৮ জুলাই ২০২৫ তারিখ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী অভিযান দুটি পরিচালনা করে।
রাত আনুমানিক ২টায় ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে মোঃ আকির হোসেন (৪৮), মোঃ জাহাঙ্গীর (৪০) ও মোঃ হারুন খান (৩৬) নামে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের নিকট থেকে ২০ পিস ইয়াবা, নগদ ১৬,৩৮০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে রাত ১২টা ১০ মিনিটে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ নুরুজ্জামান সুমন (৪৫) নামে আরও একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর জেলায় চলমান মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















