শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শতাধিক পরিবারকে শাড়ি ও লুঙ্গি উপহার হিসেবে বিতরণ করেছে বাংলাদেশ কেন্দ্রীয় হিন্দু মানবিক সংগঠন। সংগঠনটির মতলব উত্তর শাখার উদ্যোগে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং মানবিক সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে অসহায় মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে খীতিশ মাস্টারের সভাপতিত্বে গণেশ বৈদ্যের
পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় হিন্দু মানবিক সংগঠনের যুগ্ম আহ্বায়ক সুভাষ মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে সুভাষ মজুমদার বলেন, “মানবসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই একটি মানবিক সংগঠনের মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো এবং বিপদে-আপদে মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার। শারদীয় দুর্গোৎসব শুধু আনন্দ ও উৎসবের উপলক্ষ নয়, এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করারও সময়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই ভাবনা থেকেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে সম্মিলিত উদ্যোগই পারে একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনীল সূত্রধর, উত্তম বৈদ্য,জহরলাল সূত্রধর,জুলহাস সূত্রধর প্রমুখ । এ সময় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কেন্দ্রীয় হিন্দু মানবিক সংগঠনের এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রম সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।



















