চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ। এ সময় একটি নৌকাসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ১৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার দক্ষিণ বোরচর এলাকায় মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, মতলব উত্তর এবং নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অধীন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন চাঁদপুর সদর উপজেলার মোমিন আলী গাজী (৩৫) ও মতলব উত্তর উপজেলার জাহাঙ্গীর আলম বেপারী (৫৫)। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা নৌকাটি পরবর্তী সময়ে নিলামে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে, একই দিন সকালে উপজেলার এখলাসপুর বাজার থেকে ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং ইলিশের প্রজনন ও উৎপাদন রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।



















