জাতীয় প্রেসক্লাব চত্বরে আজ বরখাস্ত ও অব্যাহতি প্রাপ্ত কিছু সাবেক সেনাসদস্য তাদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। তারা বিভিন্ন গণমাধ্যমে বক্তব্যও প্রদান করেন।
ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল গিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের কথা শোনেন এবং সেনাবাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী আবেদনগুলো যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারা দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি উপস্থাপনের পরামর্শ দেন।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এ ধরনের ৮০২টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে ১০৬টি নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে।
তবে দুঃখজনকভাবে, বৈঠক শেষে কিছু সাবেক সদস্য উশৃঙ্খল আচরণে লিপ্ত হন। প্রতিনিধি দলের গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও অশালীন স্লোগানের মতো ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, যেকোনো উসকানিমূলক ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে, যা কখনোই কাম্য নয়। তারা সকলকে শৃঙ্খলা ও সংবেদনশীলতা বজায় রেখে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানিয়েছে।
সূত্র -সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী




















