দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বৈঠকে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষায় করণীয়, এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সামরিক বাহিনীর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।
বৈঠকে দেশের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখতে সব বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
সরকারি সূত্র জানিয়েছে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণে ঐকমত্যে পৌঁছেছেন সংশ্লিষ্টরা।




















