জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মোড় ও মীর জুমলা রোড এলাকায় আজ সকাল ১০:৩০টা থেকে ১২:০০টা পর্যন্ত পরিচালিত হয় বিশেষ মোবাইল কোর্ট অভিযান। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সদয় নির্দেশনায় পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য ছিল যানজট নিরসন ও পথচারীদের চলাচলের স্বাভাবিক গতি নিশ্চিত করা।
অভিযানকালে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ সবজি বাজার এবং বিভিন্ন অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তার দুই পাশ থেকে অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হয়, যার ফলে এলাকাবাসী দীর্ঘদিন পর হাঁটাচলার স্বস্তি ফিরে পায়।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে মোট ৬টি পৃথক মামলায় মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তারিকুল ইসলাম।
জেলা প্রশাসনের এ কার্যক্রমে জনসাধারণের মধ্যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও সন্তোষ প্রকাশ লক্ষ্য করা গেছে। শহরের শৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিক দুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।




















