চাঁদপুরে কিশোর গ্যাং, মাদক ও জুয়ার বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযানে মোট ৫১ জনকে আটক করা হয়েছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত চাঁদপুরের নতুন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান এর নির্দেশে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানে সদর মডেল থানা পুলিশ ৪৫ জনকে আটক করে। তাদের মধ্যে ১৩ জনকে জুয়া আইনে, ১ জন সাজাপ্রাপ্ত আসামিকে এবং ২৫ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও সন্দেহজনক কর্মকাণ্ডের কারণে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এদিকে ডিবি পুলিশ ৬ জন কিশোর অপরাধী সন্দেহভাজনকে আটক করে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নতুন পুলিশ সুপার রবিউল হাসান দায়িত্ব গ্রহণের পরই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। তার নেতৃত্বে কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে চাঁদপুর জেলা পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, কিশোর গ্যাং, মাদক ও সকল প্রকার অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

























