চাঁদপুরে জাপানিজ ভাষা শিক্ষা ও বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে অন্যতম পরিচিত প্রতিষ্ঠান ‘আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার’-এর দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ১১ জন কৃতী শিক্ষার্থীর হাতে জাপানি ভিসা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়, যা উপস্থিত সবার মাঝে গর্ব, আনন্দ ও অনুপ্রেরণার পরিবেশ সৃষ্টি করে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ) চাঁদপুর শহরে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠানের দুই বছর পূর্তি উদযাপন করা হয়। বেলুন, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত মিলনায়তনে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে আওয়াজি জাপানিজ কোচিং সেন্টারের ম্যানেজার আমিমুল এহসান ফাহিমের সঞ্চালনায় এবং পরিচালক মজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক চাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার জোবায়েদ উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে জাপানিজ ভাষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে জাপান একটি সম্ভাবনাময় গন্তব্য। সঠিক দিকনির্দেশনা, দক্ষতা ও ভাষাজ্ঞান থাকলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সেখানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ইতোমধ্যে বহু শিক্ষার্থীকে সফলভাবে জাপানে পাঠিয়ে একটি আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে ভিসাপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে জাপানের ভিসা তুলে দেন অতিথিরা। এ সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো হলরুম। ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা ভবিষ্যতে জাপানে গিয়ে দেশের সুনাম বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।




















