চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এন্নাতলী সড়ক সংস্কার কাজ তদারকি করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান মিয়াজী। শুক্রবার (১ মে) সকালে তিনি সরেজমিনে উপস্থিত থেকে বড়কুল খোরশেদ আলমের দোকান থেকে এন্নাতলী উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়নে হাসান মিয়াজীর সক্রিয় ভূমিকা এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করলেও বছরের পর বছর এটি জরাজীর্ণ অবস্থায় ছিল, ফলে দুর্ভোগ ছিল চরমে।
জানা গেছে, হাসান মিয়াজী নিজ উদ্যোগে প্রথমে সড়ক উন্নয়নের কাজ শুরু করেন। পরবর্তীতে সড়কটি টেন্ডার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হলে ঠিকাদার নুরুন্নবী কাজ শুরু করেন। তবে কাজের ধীরগতির কারণে জনদুর্ভোগ বাড়তে থাকলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়। পরে উপজেলা প্রকৌশল বিভাগকে অবহিত করা হলে উপ-প্রকৌশলী নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে পুনরায় কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
হাসান মিয়াজী জানান, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সড়কের সাব-বেজের কাজ শুরু হবে এবং পবিত্র ঈদুল আজহার পর পুরো সড়কের কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
এন্নাতলী গ্রামের প্রায় তিন হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন কার্যকর পদক্ষেপ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গফুর পাটোয়ারী বকুল, ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়াজী, হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বেপারী, নূরুল ইসলাম ফরাজী, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন সুমন, দপ্তর সম্পাদক ওয়াসিম মুন্সি, যুবদল নেতা এমরান, আরিফ ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















